Tuesday, June 30, 2015

স্প্যানিশ খাবার "পায়েআ" তৈরি করুন ঘরেই

 হুট করে গরমটা উধাও হয়ে শুরু হয়ে গেলো ঝুম বৃষ্টি। দারুণ এই বৃষ্টির দিনে মজার কিছু খেতে চান? ঘরে চিংড়ী থাকলে ঝটপট রান্না করে ফেলুন অত্যন্ত মজার একটি স্প্যানিশ খাবার। অল্প সময়ে ঝটপট রান্না করা যায় এই খাবারটি, যা আপনার চেনা জানা যে কোন খাবারের চাইতে স্বাদে একেবারেই ভিন্ন। একটি ডিশ দিয়ে অতিথি আপ্যায়ন করতে চাইলে সেক্ষেত্রেও দারুণ চমৎকার।
উপকরণ

চিংড়ি মাঝারি সাইজের হাফ কাপ
স্কুইড রিং হাফ কাপ ( না দিলেও হবে)

পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ
রসুন কুচি ৪ টেবিল চামচ
পাপরিকা পাউডার ২ চা চামচ ( না পেলে লাল মরিচ গুঁড়ো দিন )
হলুদ গুঁড়ো হাফ চা চামচ
টমেটো কুচি ১ কাপ
মটরশুঁটি হাফ কাপ
মাশরুম কুচি হাফ কাপ
সিদ্ধ চাল ২ কাপ
লবণ স্বাদমত
তেল ২ টেবিল চামচ
চিকেন /ভেজিটেবল স্টক ৪ কাপ
প্রণালি

-প্যানে তেল দিয়ে এতে রসুন কুচি দিন।
-হালকা ভাজা হলেই টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে পাপরিকা পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে নিন।
-টমেটোটা গলে গেলে এতে চাল ,লবণ আর মাশরুম দিয়ে খানিকক্ষণ ভাজুন।
-এতে এবার স্টক দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৫ মিনিট।
-এখন এতে চিংড়ি আর স্কুইড রিং আর মটরশুটি দিয়ে রান্না করুন আরো ১৫ মিনিট। কম আঁচে ঢাকনা লাগিয়ে.অনেকটা পোলাও ঠিক যেভাবে রান্না হয় ওই ভাবেই। ঝরঝরে খেতে পারেন, আবার হালকা নরম হলেও কোনো অসুবিধা নেই।
-চাল সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। উপরে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন,না দিলেও হবে,
-টস টসে রসালো লেবুর সাথে পরিবেশন করুন এই মজার পায়েআ। খাবার সময় লেবু চিপে খেতে ভুলবেন না।
                                সোর্স : সোস্যাল বাংলা ডট কম

No comments:

Post a Comment